Showing posts with label Sukumar Choudhury. Show all posts
Showing posts with label Sukumar Choudhury. Show all posts

Saturday, September 17, 2011

BANSHIOYALA / Sukumar Choudhury

বাঁশীওয়ালা 

~ সুকুমার চৌধুরী


একজন বাঁশীওয়ালাকে জানতাম । প্রকাশ দাস ।
আজকে দোলের দিন, চলে গেলেন । বড়ো সুন্দর
বাঁশী বাজাতেন । খননের রবিঠাকুর উৎসবে কতবার.......
খুঁজে খুঁজে আমার সীমান্ত বাড়িতে
এসেছিলেন একবার, মনে পড়ে ।

রণজিৎ  ফোন করেছিল শ্মশান থেকে ।তখন সব
শেষ । রাস্তায় পুলিশী বন্দোবস্ত । আজ হোলী ।

অনেক রকমের রঙ আনা হোয়েছিল এবার । তোমার
জন্য । তার জন্য । সবার জন্য । সবার প্রিয় রঙ ।

অথচ খেলা সে রকম হোলো কই বদলে
মনোজের কাঁসার গেলাসে
চনমনে ভাঙ্গ খেয়ে বুঁদ হওয়া গেল বেশ
বিদর্ভের গরম দুপুরে............

'MAHABHARAT' SALOON-E / Sukumar Choudhury

‘মহাভারত’ সেলুনে
~ সুকুমার চৌধুরী

‘মহাভারত’ সেলুনে বাইক খাড়িয়ে অল্প অবসর মেলে
কেননা প্রতীক্ষা......... ভীড়.............অল্প লাইন,
দেখি ‘ভীমদূত’ অটোখানি বাইরে দাঁড়িয়ে আর
অটোবালা বসে আছে বনিয়ান খুলে ।  নরসুন্দরবাবু সুগন্ধি
ছিটিয়ে তার ঘেমোমুখে ফেশিয়াল সারে.................

যারা প্রতিটি নিমেষ জুড়ে কাজ করে, ব্যস্ত আর যুযুধান
তারা এ রকম চুর্ণ অবসরে কি করে ?  কি জানি ?
আমি নোঙরা আর এলোমেলো রগরগে মারাঠী ইভনিঙ্গারগুলি
                                                  পড়ার চেষ্টা করি ।
মল্লিকা ও বিপাশার মুখোমুখি অর্ধনগ্ন দুটি ছবি,
বিপাশাকেই বেশী আবেদনময়ী লাগে, সে কি বাঙালী বলেই ! যাঃ
শেষে কি আমিও বায়াসড হোয়ে পড়লাম । কি আর করা যাবে,
এখনো একটা দাড়ি.................... অতঃপর
মোবাইল নিয়ে পড়ি । কত যে মেসেজ ছাই জমা হয়ে আছে ।
একে একে খুলি, যেন পাখি, আর উড়িয়ে দিই । শেষে
ওড়াতে ওড়াতে কিছু মিষ্টিক মেসেজ খুঁজে পাই । নিশ্চিত
আমার নয় । অন্য কেউ সন্তর্পনে ব্যবহার কোরে গেছে
ঠিক । ভুলে গেছে ডিলিট দাবাতে । মজা করে উত্তর দিয়ে
ফেলি । অবসর সময়ে বুঝি মানুষেরা ভালবাসে এমন লঘুতা ।
তুরন্ত জবাব আসে বিন্দাস বারাডীতে........
কিন্তু আর এগুনো যায় না,  নরসুন্দরবাবু ডাকে.......